শীত আসছে, খোঁজ বেড়েছে লেপ-তোষক কারিগরদের
শীতের আগমনীবার্তা আসায় দেশের মধ্যাঞ্চল ফরিদপুরে লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততাও বেড়েছে; বছরের অন্য সময় তেমন কদর না থাকলেও শীত মৌসুমে খোঁজ বাড়ে তাদের।
গত এক সপ্তাহ ধরে এ জেলায় শীত অনুভূত হচ্ছে। ভোরবেলায় কুয়াশায় ঢেকে যায় সবুজ মাঠ। সামনে পৌষ ও মাঘ মাস শীতকাল। তাই পদ্মা ও মধুমতির চরাঞ্চল এবং গ্রামাঞ্চলের মানুষ আগে ভাগেই লেপ-তোষক বানাতে শুরু করেছে।
এ ছাড়া শীতকালে মেয়ে-জামাইয়ের বাড়িতে বালিশ, লেপ, তোষক উপহার পাঠানোর ঐতিহ্য রয়েছে এ অঞ্চলের মানুষের।
তাই শীতকে সামনে রেখে লেপ, তোষক কারিগরদের এখন দম ফেলার সময় নেই। বিরামহীনভাবে কাজ করছেন তারা।
কেউ কেউ পুরনো লেপ ভেঙে নতুন করে বানিয়ে নিচ্ছেন। আবার কেউ নতুন তুলা দিয়ে তৈরি করে নিচ্ছে লেপ, তোষক ও বালিশ।
ফরিদপুর শহরের চকবাজারের লেপ তোষকের কারিগর মালেক মিয়া জানান, তারা বছরে প্রায় ৬ মাস অন্য কাজ করেন। শীত আসার সঙ্গে সঙ্গে তাদের কদর বেড়ে যায়।
ওই এলাকার হাফিজ মাতুব্বর, ও আব্দুর জব্বার শেখ জানান, এ সময়টায় তারা বিভিন্ন লেপ-তোষকের দোকানে গিয়ে তারা প্রতিদিন ৬’শ থেকে ৭’শ টাকায় লেপ-তোষক তৈরি করে থাকেন। অনেক কারিগর লেপ প্রতি ২’শ থেকে ৩’শ টাকাও নেয়।
শহরের জনতা ব্যাংক মোড়ের লেপ-তোষকের দোকান মালিক জাকির হোসেন বলেন, “শীত জেঁকে না বসলেও অনেকে আগেভাগেই লেপ-তোষক বানাতে শুরু করে দিয়েছেন। গত বছরের তুলনায় এ বছর ক্রেতার সংখ্যা অনেকটাই বেশি।”
শহরের খাবাসপুর থেকে লেপ তৈরি করতে আসা হেমায়েত হোসেন বলেন, “পুরোপুরি শীতের দেখা না মিললেও আগেভাগেই একটি লেপ বানিয়ে নিচ্ছি।”
চকবাজার আসা মোহুয়া বেগম নামের এক গৃহবধূ জানালেন, কিছুদিন আগে তার মেয়ের বিয়ে হয়েছে। তাই মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য লেপ-তোষক বানাতে এসেছেন।
এদিকে শহরও গ্রামে লেপ-তোষকের ফেরিওয়ালার হাঁক-ডাক বেড়েছে। এ মৌসুমী ফেরিওয়ালারা শীত এলে রিকশাভ্যানে করে লেপ-তোষক বিক্রিতে নেমে পড়েন।
তাদের সঙ্গে কথা বলে জানা গেল, মহাজনদের কাছ কমিশনে কিনে বিক্রি করেন গ্রামের বাড়ি বাড়ি আর শহরের পাড়ায় পাড়ায়। তারা নগদ টাকা ছাড়াও কিস্তিতেও লেপ-তোষক বেচেন। শীত মৌসুম শেষ হওয়ার আগেই কিস্তির সে টাকা পরিশোধ করেন ক্রেতারা।
শহরের দক্ষিণ আলিপুরের এলাকায় লেপ বিক্রয় করতে আসা এক ফেরিওয়ালা বলেন, “কাপড়, নরমাল তুলা, মজুরি মিলে হাজার থেকে ১২শ টাকা খরচ পড়ছে। আমরা এটা বিক্রি করি ১৫’শ থেকে ১৭’শ টাকায়।”
বাজার ঘুরে দেখা গেছে, এবার লেপ-তোষক তৈরির মূল উপাদান কার্পাস তুলা ১৩০-১৫০ টাকা, বোমা তুলা ১১০-১২০ টাকা, চাদর তুলা ৮০-৯০ টাকা এবং গার্মেন্টস তুলা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ফরিদপুর আবহাওয়া অফিসের সিনিয়র ওয়েদার অবজারভার (জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক) সুরুজল আমিন জানান, ফরিদপুর অঞ্চলে শেষ রাতে শীত আসা শুরু হয়েছে বেশ কিছু দিন হল। এ বছর মাটির আদ্রতা কম; তাপ ধারন ক্ষমতাও কম। এ কারণে শীতের বার্তা আগে থেকে অনুভব করা যাচ্ছে।
