সিরাজগঞ্জে সংঘর্ষের মামলায় বিএনপি নেতাকর্মী
সিরাজগঞ্জ শহরে পুলিশের সঙ্গে যুবদলের সংঘর্ষের ঘটনায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চলাকালে বুধবার দুপুরে শহরের ইবি রোডের বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনায় এসআই শাহ আলম বাদী হয়ে রাতে মামলা করেছেন।
এতে জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা যুবদলের সভাপতি আব্দুল জব্বার বাবু ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামানসহ ২৪ জনের নাম উল্লেখ এবং ১০০/১৫০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ঘটনার পর জেলা যুবদলের সভাপতি আব্দুল জব্বার বাবু দাবী করেছিলেন, সংঘর্ষ চলাকালে তাদের দলের ১০ নেতাকর্মী গুলিবিদ্ধসহ অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন।
পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, বুধবার যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চলাকালে এসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল বজলুলকে মারধর, পুলিশের পিকআপভ্যান ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে আটক সদরের পাইকপাড়ার আলী আকবরের ছেলে রুবেল সেখকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
