গাজীপুরে কারখানায় দুই গাড়ির চাপায় শ্রমিক হতাহতের খবর
গাজীপুর সদরে একটি কারখানা চত্বরে মাল উঠা-নামার সময় দুই কভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে কয়েকজন শ্রমিকের হতাহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে ‘এনার্জি প্যাক’ কারখানার ভেতর এই ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার এসআই চুন্নু শেখ জানান।
পুলিশ প্রাথমিকভাবে আব্দুল আলীম (৩০) নামের একজনের মৃত্যুর খবর জানালেও হতাহতের মোট সংখ্যা জানা যায়নি।
এই ঘটনায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।
এসআই চুন্নু শেখ জানান, রাত ৮টার দিকে এনার্জি প্যাক কারখানার ভেতর একটি কভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। আরেকটি কভার্ডভ্যান ব্যাক গিয়ারে পেছনে গেলে ওই ভ্যানে গিয়ে ধাক্কা দেয়।
“এ সময় দুই ট্রাকের মাঝখানে পড়ে তিন শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হন।”
শিল্পাঞ্চল পুলিশ গাজীপুর-২-এর (শ্রীপুর জোনের) এএসপি মো. রুহুল আমিন জানান, গুরুতর আহতাবস্থায় তিন জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল আলীম নামের একজন লোডার মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
“তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম লিমা কিংবা সাথী ও মনোরঞ্জন বলে জানা গেলেও তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি,” বলেন তিনি।
