কক্সবাজারে গাছে ট্রাকের ধাক্কা, সহকারী নিহত
কক্সবাজারের উখিয়া উপজেলায় সড়কের পাশে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে চালকের সহকারী নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন এর চালক।
মঙ্গলবার ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে তারা হতাহত হন বলে জানান উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ।
নিহত মোহাম্মদ তৈয়ব (২০) ট্রাকটির সহকারী চালক। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সঞ্জুর মোরশেদ বলেন, টেকনাফমুখী পণ্যবাহী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গাছটি গাড়ির ওপর ভেঙে পড়ে। এতে চালক ও তার সহকারী আটকা পড়েন। এলাকাবাসী তাদের উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হন। পরে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট গাছ সরিয়ে ভেতর থেকে একজনকে মৃত ও অপরজনকে জীবিত উদ্ধার করেন।
