মুহিবুল্লাহ হত্যায় প্রত্যাবাসন ব্যাহত হবে না: পররাষ্ট্র সচিব
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড প্রত্যাবাসনকে তেমন ব্যাহত করবে না বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শনিবার বিকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের জন্য শুধু প্রত্যাবাসন নয়; জটিল কোনো কারণ থাকতে পারে, এটি এত সহজ কারণ না। মুহিবুল্লাহ না থাকলে কেবল প্রত্যাবাসন হবে না - এ ধারণাটাও সঠিক নয়।
“প্রত্যাবাসন একটা বিরাট ব্যাপার, একটা জটিল ব্যাপার। এটির জন্য মিয়ানমার সরকারের সহযোগিতা প্রয়োজন রয়েছে। এ বিষয়ে চীন আমাদের সহযোগিতা করছে। সুতরাং প্রত্যাবাসনের জন্য সেই দিক থেকে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে।”
তারপরও মুহিবুল্লাহ ও তার সংগঠন প্রত্যাবাসনের জন্য যে ধরনের কাজ করছিল তাতে হয়তো স্বল্পকালীন কিছুটা ব্যাহত হতে পারে, বলেন মোমেন।
মাসুদ বিন মোমেন বলেন, “ক্যাম্পগুলোতে যদি কোন ধরনের নিরাপত্তার সমস্যা হয়, সেটার জন্য এক ধরনের দায়-দায়িত্ব তো আমাদের আছে। যেকোনো ধরনের নিরাপত্তার হুমকিগুলো আমরা শক্ত হাতে নিয়ন্ত্রণ করব। আমরা মনে করছি না, মহিবুল্লাহর অকাল মৃত্যুতে প্রত্যাবাসনটা সেইভাবে ব্যাহত হবে।”
প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের অনেকের সঙ্গে কথা হয়েছে জানিয়ে মোমেন বলেন, সবারই ফিরে যাবার বেশ আগ্রহ রয়েছে। বিশেষ করে ইয়াং (তরুণ) যারা আছেন তারাই বেশি আগ্রহ দেখিয়েছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন বলেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার সকালে দুইদিনের সফরে কক্সবাজার আসেন। পরে বিকালে রোহিঙ্গা ইস্যুতে জড়িত সরকারি প্রশাসন এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। শনিবার সকালে প্রতিনিধি দলটির সদস্যরা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরির্দশনে যান।
তিনি জানান, সেখানে পৌঁছে প্রতিনিধি দলটির সদস্যরা প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গা কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে কোভিড-১৯ পরিস্থিতিসহ ব্যবস্থাপনার দিকগুলো সরেজমিন পরিদর্শন করেন এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেছেন।
সামছু-দৌজা জানান, প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের এক পর্যায়ে মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহত মুহিবুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করেন। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এপিবিএনসহ নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নির্দেশনা দিয়েছেন।
কক্সবাজার বিমানবন্দরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিনিধি দলটির সদস্য ইউরোপীয় ইউনিয়নের মহাসচিব ফাইয়াজ মুর্শিত কাজী, পররাষ্ট্র সচিব দপ্তরের মহা-পরিচালক মোহাম্মদ আলীমুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা বিমানযোগে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন।
