২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২ চীনা নাগরিক কোভিড আক্রান্ত

বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২ জন চীনা নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2021, 11:19 PM

Updated : 02 Aug 2022, 06:26 PM

বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তারা সবাই দেড়মাস আগে চীন থেকে তালতলী এসেছেন বলে সিভিল সার্জন জানান।

মারিয়া হাসান জানান, করোনা উপসর্গ থাকায় বুধবার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৩৭ জন চীনা নাগরিক তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড পরীক্ষার জন্য নমুনা দেন। সেখান থেকে নমুনা বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। 

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন জানান, করোনা শনাক্ত হওয়া চীনা নাগরিকদের তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই আইসোলেশন সেন্টারে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। তাদেরকে আলাদা কোয়ার্টারে আইসোলেশনে রাখা হয়েছে।

“করোনা আক্রান্ত নাগরিকদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তত রয়েছে৷ ”

তিনি আরও বলেন, নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি ১১শ শ্রমিক কাজ করেন। তারা সবাই সুস্থ রয়েছেন। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে সব শ্রমিককে করোনা টেস্ট করানো হবে।

তিনি জানান, দুপুরে ৩শ র‌্যাপিড এন্টিজেন্ট কিটসহ উপজেলা প্রশাসনের একটি দল স্বাস্থ্য বিভাগকে সঙ্গে নিয়ে বিদ্যুৎকেন্দ্রে গিয়েছেন। বিকাল থেকে টেস্ট শুরু হবে।

বাংলাদেশি শ্রমিকরা যদি করোনা আক্রান্ত হয় তাহলে বিদ্যুৎকেন্দ্রের কাজ স্থগিত করে কেন্দ্রটি লকডাউন করার জন্য জেলা প্রশাসকের কাছে অনুমতি চাইবেন বলে তিনি জানান।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, যেহেতু এটি উন্নয়ন প্রকল্প তাই এখনই কাজ বন্ধ করে লকডাউন করা ঠিক হবে না। চীনা নাগরিকরা যারা আক্রান্ত হয়েছেন তারা কেউই বাংলাদেশি শ্রমিকদের সংস্পর্শে আসেনি। তারপরেও যদি দেশি শ্রমিকরা করোনা আক্রান্ত হয় তবে লকডাউনের বিকল্প নেই।

বিষয়টি সম্পর্কে তিনি সব সময় খোঁজ রাখছেন বলে জানান।