২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ইলিশ ধরায় ৩৩ জেলেকে দণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৩৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2021, 06:02 PM

Updated : 07 Apr 2022, 11:43 PM

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বৃহস্পতিবার সকালে এ দণ্ড দেন।

এর আগে বুধবার রাত ৩টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ৩৩ জেলেকে আটক করা হয়। এ সময় ১৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

রকিবুল বলেন, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের একটি দল।

“এ সময় পদ্মানদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৩৩ জেলেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বসিয়ে তাদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।”

জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।