টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফে তিন কেজি ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’সহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, শুক্রবার বিকালে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর সংলগ্ন অলিয়াবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
উইং কমান্ডার আজিম বলেন, বিকালে অলিয়াবাদ এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।
"এ সময় লোকটির সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় তিন কেজি ক্রিস্টাল মেথ বা আইস। উদ্ধার করা এসব মাদকের মূল্য তিন কোটি টাকা।"
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান আজিম।
