২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার’ অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2021, 02:01 PM

Updated : 07 Apr 2022, 11:41 PM

বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকার একটি মেস থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বনী আমিন ফকির নামের ওই শিক্ষার্থীকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার সহপাঠীদের অভিযোগ। তবে র‌্যাব সেখানে কোনো অভিযান চালানোর কথা অস্বীকার করেছে।

বনী আমিন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী।

বনীর বাড়ি সিরাজগঞ্জ জেলায়। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাস লাগোয়া গেরুয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকছিলেন তিনি।

একই মেসের বাসিন্দা প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তন্ময় বলেন, কয়েকজন লোক ‘র‌্যাব-৪ পরিচয়’ দিয়ে মেসে ঢুকে তাদের আলাদা একটি কক্ষে রেখে বনী আমিনের কক্ষে তল্লাশি চালায়।

“এরপর তারা বনীকে গাড়িতে তুলতে গেলে আমরা বাধা দিয়ে কারণ জানতে চাই। প্রক্টর বা প্রভোস্টকে জানাতে বলি। কিন্তু তারা কারও সঙ্গে কথা না বলে, আমাদের ভয়ভীতি দেখিয়ে দ্রুত চলে যায়।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ঘটনাটি তারা ‘শুনেছেন’। র‌্যাব-৪ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। সেখানে কথা বলে বিস্তারিত জানাতে পারবেন।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সেখানে র‌্যাবের কোনো অভিযান পরিচালনা করা হয়নি। তুলে নেওয়ার ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।"