২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় গ্রেপ্তার দেখানো হলো হেফাজতের মামুনুলকে

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযোগ গঠনের দিন ধার্য করেছে খুলনার একটি আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2021, 08:48 PM

Updated : 02 Aug 2022, 06:18 PM

রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমানের আদালতে মামুনুল হককে হাজির করা হয় এবং শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

এর আগে বেলা পৌনে ১১টায় কড়া পুলিশ পাহারায় খুলনা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মামুনুল হককে আদালতে হাজির করা হয়।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী কেএম ইকবাল হোসেন জানান, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামি রাজনৈতিক দল খুলনা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি নগরীর ডাকবাংলো মোড় ও ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ি মোড়ের দিকে যাওয়ার পথে ফুজি কালার ল্যাবের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়।

মামলায় উল্লেখ করা হয়, এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন। মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায়  সোনাডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর বাদী হয়ে মামুনুল হকসহ ২৬ জনের নামে মামলা দায়ের করেন।

২০১৫ সালের ২১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন ১০৭ জনের নামে আদালতে অভিযোগপত্র দেন।

অ্যাডভোকেট ইকবাল বলেন, এ মামলায় ১০৭ জন এজাহারনামীয় আসামিসহ হাজার হাজার আসামি রয়েছে। এজাহারনামীয়দের মধ্যে মামুনুল হক মামলার ৬ নম্বর আসামি।

“আদালত মামুনুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে [শ্যোন অ্যারেস্ট] আগামী ১০ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য্ করেছে।”

গত শুক্রবার বিকালে মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউর কারাগার থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়।