২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় লেগুনা চালক হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2021, 03:34 PM

Updated : 10 Oct 2022, 06:13 PM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) খালেদুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মো. রবিউল ওরফে রবিন (২০) নামের ওই আসামিকে র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলায় সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে এ বছরের ১৬ জুলাই কেরানীগঞ্জের লেগুনা চালক সাগরের (২০) সঙ্গে তার বন্ধু শুভ, শামীম ও রুবেলসহ অন্যান্য বন্ধুদের ঝগড়া হয়। এর জেরে পরদিন রাতে সাগর লেগুনা চালিয়ে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর পেট্রোল পাম্পের সামনে গেলে তার পথ আটকায় রবিন ও তার সহযোগী রুবেল ও শুভ।

“পরে ওই তিনজনসহ অন্যান্যরা সাগরকে টেনে হেঁছড়ে লেগুনা থেকে নামিয়ে মারধর করতে থাকে। এ সময় সাগর পালানোর চেষ্টা করলে রুবেল সাগরের ডান কাঁধে ও কোমরের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে নিলে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় নিহত সাগরের বাবা জমির আলী (৪৫) বাদী হয়ে দক্ষিণ কেরণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এর প্রেক্ষিতে ১৮ অগাস্ট দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে মূল আসামি মো. রুবেল হোসেনকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি মোবাইল ফোন ও নগদ ৬১০ টাকাসহ রবিনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন হত্যার কথা স্বীকার করেছে। অস্ত্র মামলায় দিয়ে তাকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।