২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে চিকিৎসকের লাশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি ছাত্রাবাস থেকে এক শিক্ষানবিস চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2021, 01:37 AM

Updated : 10 Oct 2022, 06:13 PM

বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিলন ছাত্রাবাসের ২০৭ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় সেখানে ৭ এম্পুল ঘুমের ইনজেকশন ডায়াজিপাম এবং বেশকিছু সিগারেট পাওয়া গেছে।  

অতিরিক্ত ‘ঘুমের ইনজেকশন’ নেওয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

চৌধুরী আরেফিন (৩০) নামে এই চিকিৎসক নারায়ণগঞ্জের ফতুল্লার চৌধুরী মোস্তফা আলীর ছেলে।  

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার নাইট ডিউটি করার পর সকালে ছাত্রাবাসের ২০৭ নম্বর কক্ষে এসে দরজা আটকে ঘুমিয়ে পড়েন আরেফিন।

“এরপর থেকে রুমের দরজা না খোলায় এবং কোনো সাড়া-শব্দ না পাওয়ায় বুধবার রাত সাড়ে ৮টায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ দরজা ভেঙে বিছানায় তার লাশ দেখতে পায়।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যশোর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে তিনি চলতি বছরের মার্চ মাস থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছিলেন।

পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “ধারণা করা হচ্ছে পারিবারিক সমস্যার কারণে অতিরিক্ত ঘুমের ইনজেকশন নেওয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তদন্তের পরই রহস্য বেরিয়ে আসবে।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, “রাত সাড়ে ৮টার দিকে চৌধুরী আরেফিনের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে আসি। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি পুলিশ তদন্ত করলেই বেরিয়ে আসবে।”

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।