২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে করোনাভাইরাসে ও উপসর্গে একদিনে ১১ মৃত্যু

ফেনীতে একদিনে করোনাভাইরাসে ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2021, 06:31 PM

Updated : 07 Apr 2022, 11:30 PM

মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এই ১১ জনের মৃত্যু হয়। যাদের মধ্যে দুজন আক্রান্ত ছিলেন এবং উপসর্গ নিয়ে নয়জন মারা গেছেন বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান।

তিনি বলেন, জেলায় করোনাভাইরাস রোগী শনাক্তের হার বৃদ্ধির পাশাপাশি ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপও বেড়েছে। সম্প্রতি এ হাসপাতালে কোভিড ওয়ার্ড ৩০ শয্যা থেকে বাড়িয়ে ১৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে।

“মঙ্গলবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ১২৫ জন। এদের মধ্যে আরটি-পিসিআর পজেটিভ কোভিড ৩৭ জন ও আরটি-পিসিআর নিগেটিভ কোভিড ৮৮ জন রয়েছে।

“আইসিইউ ও এইচডিইউতে ভর্তি রয়েছে ২০ জন রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৩০ জন।”

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা বলেন, কোভিড আক্রান্ত প্রায় সব রোগীকেই অক্সিজেন দিতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলে হিমশিম খাচ্ছে।

“সম্প্রতি শহরের একাধিক বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গের রোগী ভর্তি করা হচ্ছে। সেখানে রোগীর অবস্থা খারাপ হলে তখন আবার ওই রোগীকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। শেষ সময়ে রোগী নিয়ে আসায় অনেককে বাঁচানো সম্ভব হচ্ছে না।”

এদিকে গত ২৪ ঘণ্টায় ফেনীতে নতুন ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ২২ দশমিক ৫৯ শতাংশ বলে সিভিল সার্জন ডা. রফিক উস সালেহীন জানান।

তিনি বলেন, জেলায় মঙ্গলবার পর্যন্ত ৯ হাজার ৪৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৭৬ জন। আর মৃত্যু হয়েছে ১১৯ জনের।