জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মানে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তির প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে।
অনলাইনে এই আবেদন আগামী ১৮ অগাস্ট পর্যন্ত করা যাবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান।
ফয়জুল করিম বলেন, আগে এ আবেদনের শেষ সময় ছিল ১৪ অগাস্ট পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৯ অগাস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
