রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে একদিনে আরও ১২ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন।
রোববার সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে এই ১২ জনের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।
মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন ও পাবনার একজন। এদের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী। যাদের মধ্যে চারজনের বয়স ৬১ বছরের ওপরে।
বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে পাঁচজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন।
শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৫ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ জন। রোববার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩১৪ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।
কোভিড ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ১৮১ জনের করোনাভাইরাস পজেটিভ। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৭৭ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন।
শনিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; যার শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ বলে পরিচালক জানান।
এর আগের দিন শুক্রবার জেলায় করোনাভাইরাস শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৫২ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ২৫ দশমিক ১৫ শতাংশ।
