২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুড়ল ঝুটের গুদাম, বাড়িঘর

গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম ও বসতবাড়ির ১২টি ঘর পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 11:40 AM

Updated : 02 Aug 2022, 06:12 PM

বুধবার রাতে গাজীপুর শহরের দেওয়ালিয়াবাড়ি এলাকায় ও বৃহস্পতিবার ভোরে জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের এসব ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানান।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখারুল ইসলাম রায়হান বলেন, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে আবুল কাশেমের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি বসতবাড়ির ১২টি কক্ষ মালপত্রসহ পুড়ে গেছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেননি তিনি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. তাশারফ হোসেন বলেন, বুধবার রাত ৯টার দিকে দেওয়ালিয়াবাড়ি এলাকায় প্রথমে টিনশেডের তৈরি একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পাশের আরও পাঁচটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন ও জয়দেবপুরের চারটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ বলতে পারেননি তিনি। আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।