২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিশুর ‘শ্লীলতাহানি’, সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

রাজশাহীতে শিশুর শ্লীলতাহানির অভিযোগে শ্রম অধিদপ্তরের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2021, 10:03 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

সোমবার নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ঝাউতলা এলাকায় এই ঘটনা ঘটে বলে রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান।

গ্রেপ্তার ৫২ বছর বয়সী এই কর্মকর্তা রাজশাহীতে শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।

ওসি মাজহারুল ইসলাম জানান, সকালে আট বছর বয়সী ওই শিশু পুকুরে গোসল করতে যায়। সেখানে আগে থেকেই গোসল করছিলেন এই কর্মকর্তা।  

“শিশুটি সাঁতার কাটতে গেলে ওই ব্যক্তি পানির মধ্যে তার শ্লীলতাহানি করেন বলে মেয়েটির অভিযোগ।”

ওসি আরও বলেন, শিশুটি বাড়ি গিয়ে ঘটনাটি বললে তার মা প্রতিবাদ জানাতে এই কর্মকর্তার বাসায় যান। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিষয়টি এলাকার মানুষের মাঝে জানাজানি হয়। এ সময় দেড়/দুইশ নারী-পুরুষ তার বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেয়।

পরে রাজপাড়া থানা থেকে পুলিশ গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়।

ওসি মাজহারুল আরও জানান, বিকালে ওই শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।