২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাম্পার ফলনে এবারও খুশি শার্শার পাটচাষিরা

করোনাভাইরাস মহামারীর এই দুঃসময়ে পাটের বাম্পার ফলন ও ভালো দামে গত বছরের মতো এবারও সুখের স্বপ্ন দেখছেন যশোরের শার্শার চাষিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 09:33 PM

Updated : 10 Oct 2022, 06:10 PM

প্রতিবছর বাজারে পাট ওঠা শুরু হলে দাম নিয়ে দুশ্চিন্তায় থাকেন কৃষকরা। তবে এবার মৌসুমের শুরুতেই ভালো দাম থাকায় তারা রয়েছেন ফুরফুরে মেজাজে।    

গত বছর পাট বিক্রি হয়েছিল ২ হাজার ৫০০ টাকা মণ দরে। চলতি বছরের শুরুতে পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ টাকা মণ দরে। দাম আরও বাড়তে পারে বলে পাট ব্যবসায়ীদের ধারণা। তাই এবারও পাটে ভালো লাভের আশা করছেন কৃষকরা।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, উপজেলায় এ বছর ৫ হাজার ৩৮০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শতভাগ পাট কাটতে পারবে কৃষকরা।

তিনি বলেন, কিছুদিন আগেও খরায় কৃষক পাট জাগ দেওয়ার মতো জায়গা পাচ্ছিল না, যার কারণে তারা হতাশায় ভুগছিল। কিন্তু গত কয়েক দিনের টানা ভারি বর্ষণে খালবিল পুকুর ডোবা-জলাশয় পানিতে সয়লাব হয়ে যাওয়ায় সহজেই পাট জাগ দিতে পারছে।

“এতে সকল বাধা কাটিয়ে বাম্পার ফলন ও উপযুক্ত দাম পাওয়ায় তাদের মুখে হাসি ফুটে উঠেছে।” 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির সঙ্গে তাদের কথা হয়েছে।

পাটচাষি সামটা গ্রামের আব্দুল আজিজ বলেন, “দেড় বিঘে জমিতি পাট চাষ করেলাম। বিঘে প্রতি খরচ হয়েলো ১২ হাজার টাকার মতন। পাট পাইছি ১৮ মন।

"করোনায় পাটের দাম পাব কিনা তাই নিয়ে ভয় কত্তেলাম। তবে এবারগার শুরুটা ভালো। এই রকম বাজারদর থাকলি আমরা খুবই খুশি।"

শার্শার মাখলার বিলে এখন পুরোদমে পাট কাটা, পাটের জাগ (ডুবানো) দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজ চলছে।

পাট কাটার কাজে নিয়োজিত শ্রমিক খায়রুল ইসলাম (৩০) বলেন, “ডাঙ্গা জমির পাট কাটা, বান্ধা আর ডুবুলি পাচ্ছি তিন হাজার টাকা বিঘে। আর বুক সমান পানিতি চার থেকে পাঁচ হাজার টাকা বিঘে পাট কাটছি।”

টেংরা গ্রামের দিনমজুর হাফিজুর রহমান (৫৫) বলেন, “আমরা পাট ধুই ২০-২৫ টাকা আঁটি। প্রতিদিন ১৫-২০ আঁটি পাট ধুয়ে যা পাই তা দিয়েই আমাদের সংসার চলে।” 

অপর পাটচাষি মহিষাকুড়া গ্রামের আক্তারুল কবির (৪০) বলেন, “জমিতে বীজ বুনা থেকে শুরু করে আগাছা পরিষ্কার, কীটনাশক ও কাটা ধোয়া বাবদ প্রতি বিঘায় খরচ হয় ১৫ হাজার টাকা। যদি পাটের দাম ভালো না পাই তাহলি লোকশানে আর পাট করব না।”

জামতলার একজন পাট ব্যবসায়ী রেজাউল করিম বলেন, “এখন আমরা ২ হাজার ৩০০ টাকা মন দরে পাট কিনছি। সপ্তাহখানেক আগে কিনেছি ২ হাজার টাকায়।”

কৃষকরা এবার পাটের ভালো দাম পাবে বলে তিনি মনে করেন।