২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় লিখন হত্যা: হত্যাকারীর বিচার দাবিতে কর্মসূচি

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন হত্যার বিচার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন এলাকাবাসী।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাইবান্ধার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 06:48 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

রোববার জেলা শহরের স্থানীয় পাবলিক লাইব্রেরিতে আয়োজিত সংবাদ সম্মেলন তারা এই কর্মসূচি ঘোষণা করেন।  

গত ৪ অগাস্ট এক ফল বিক্রেতার সঙ্গে হাতাহাতির জেরে হামলায় নিহত হন গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান লিখন।

নিহত লিখনের বন্ধুদের আয়োজনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব।

নানা কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো আগামী ১২ অগাস্ট বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান, ২৩ অগাস্ট নিহত লিখনের স্মরণে শোকসভা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি এসএম খাদেমুল ইসলাম খুদি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াজেদ হাসান শাওন, জেলা যুবজোট সভাপতি সুজন প্রসাদ, সাংবাদিক ইদ্রিস উজ্জামান মোনা ও আরিফুল ইসলাম বাবু, রিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুমন প্রমুখ।

লিখিত বক্তব্যে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব বলেন, “লিখনসহ গত চার মাসে গাইবান্ধা সদর উপজেলায় পাঁচটি হত্যাকাণ্ড হয়েছে, যা রীতিমত উদ্বেগজনক। সেইসাথে এইসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে।”

প্রথম হত্যাকাণ্ডের পর আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে এতগুলো হত্যাকাণ্ড হতো না বলে তারা মনে করেন।

শাহ আহসান হাবীব আরও বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে গাইবান্ধায় আইন-শৃঙ্খলার চরম অবনতির বিষয়টি ফুটে উঠেছে।

মাদক ও সুদের ব্যবসার কারণে বর্তমানে গাইবান্ধার আইন-শৃঙ্খলার পরিস্থিতিরি চরম অবনতি হয়েছে বলে অন্যান্য বক্তারা মনে করেন।

লিখন হত্যার নথি থেকে জানা যায়, গত বুধবার [৪ অগাস্ট] গাইবান্ধায় শহরের হকার্স মার্কেটের পাশের রাস্তায় আম বিক্রেতা শরিফ মিয়ার সঙ্গে আমের দরদাম নিয়ে লিখনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিষয়টির সমঝোতাও করে দেন।

এরপর ওই দিন রাতে লিখন ব্যক্তিগত প্রয়োজনে জেলা বিএনপি অফিসের সামনে গেলে কয়েকজন যুবক দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। ওইদিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এই ঘটনায় নিহতের পরিবার থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে।

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা খুন: ফলের দোকান পোড়াল জনতা

গাইবান্ধায় হামলায় ছাত্রলীগ নেতা নিহত