যশোরে ৩৫ শতাংশ মানুষের দেহে কোভিড অ্যান্টিবডি: গবেষণা
যশোরে ৪০০ মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় প্রায় ৩৫ শতাংশের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে বলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে।
অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক মো. ইকবাল কবীর এ তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর অর্থ হল এই ৩৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল বা এই ভাইরাসের সংস্পর্শে এসেছিল।”
গবেষকরা মানুষের শরীর থেকে রক্তের নমুনা নিয়ে র্যাপিড অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতিতে এই গবেষণা চালান বলে জানান ইকবাল কবীর।
তিনি বলেন, করোনাভাইরাসের ডেল্টা ধরনের ঊর্ধ্বগতির ফলে মানুষের শরীরে এ ভাইরাস প্রতিরোধের হার জানতে এই গবেষণার উদ্যোগ নেওয়া হয়।
“গবেষণাপত্রে দেখা গেছে, আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষার মাধ্যমে পজিটিভ রোগী ছিল যেসব বাড়িতে, সেসব বাড়ির সদস্যদের ৩৮ শতাংশের মধ্যে প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টিবডি পাওয়া গেছে। আর পজিটিভ রোগীদের বাড়ির পাশের মানুষের মধ্যে পাওয়া গেছে তার চেয়ে কম।”
গবেষক দলে পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক শিরিন নিগার, অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পিপাসা সুলতানা, সুরাইয়া ইয়াসমিন, লক্ষ্মী সরকার এবং পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নওশাদ মাহমুদ চয়ন ছিলেন বলে জানিয়েছেন ইকবাল কবীর।
