ফরিদপুরে পাটের ফলন ভালো, ঘরে তোলায় ব্যস্ত চাষিরা
চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন ফরিদপুরের পাটচাষিরা। ফসল ঘরে তোলায় তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কেউ ক্ষেত থেকে পাট কাটছেন, কেউ আঁটি বেঁধে জাগ দেওয়ার জন্য ছুটছেন নদ-নদী কিংবা জলাশয়ে। কেউ আবার পানি থেকে তুলে পাটের আঁশ বাছাই করে ধুয়ে রোদে শুকানোর কাজ করছেন।
আর যারা ‘আগড়’ (আগেভাগে) এই প্রক্রিয়া শেষ করেছেন তারা বাজারে নিয়ে বিক্রির উদ্যোগে ব্যস্ত।
ফরিদপুরের নয় উপজেলাজুড়ে এমন চিত্র দেখা যাচ্ছে। পাট চাষের মৌসুমে জেলার আবাদি জমির অধিকাংশই পাটের চাষ করেন চাষিরা। এই জেলার মাটি, আবহাওয়া পাট চাষে বিশেষ উপযোগী। এই কারণে ফরিদপুরের পাট ব্যাপকভাবে সমাদৃত।
ফরিদপুর পাট গবেষণা অফিস থেকে জানা যায়, জেলায় দুই জাতের (ভারতীয় তোসা জেআরও ৫২৪ ও দেশি মাস্তেও-৯৮৯৭ জাত) আবাদ হয়। এর মধ্যে ভারতীয় জাতের বীজে ৯০ শতাংশ চাষ হয়ে থাকে।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গত ২০১০-১১ সালে ৭৫ হাজার ৯৬৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল, যার বিপরীতে আট লাখ ৭৩ হাজার ৫৩ বেল পাট উৎপাদন হয়।
চলতি ২০২১-২২ মৌসুমে ফরিদপুরে পাটের আবাদ হয়েছে ৮৫ হাজার ৭৭ হেক্টর জমিতে। এর বিপরীতে কৃষি বিভাগ উৎপাদন লক্ষ্যমাত্রা নিধারণ করেছে ১০ লাখ ৫২ হাজার বেল (১৮০ কেজিতে ১ বেল)। গত দশ মৌসুমে পাটের আবাদ বেড়েছে নয় হাজার ১০৯ হেক্টর জমিতে।
সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পাট চাষি হাবিব মোল্যা ও আকমল খান বলেন, যদি পাটের দাম প্রতিমণ ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার থাকে তাহলে কৃষকের মুখে হাসি ফুটবে।
বোয়ালমারীর বিভিন্ন মাঠের পাটচাষির দাবি, বিগত বছরগুলোর অধিকাংশ মৌসুমেই চাষিরা পাটের ন্যায্য মূল্য পাননি। তবে গত দুই বছর যাবত তুলনামূলকভাবে ভালো দর পাচ্ছেন।
জেলার পাট চাষের অন্যতম খ্যাত নগরকান্দার পাটচাষি আবজাল হোসেন, জসিম তালুকদারসহ আরও অনেকেই বলেন, গত বছরের তুলনায় পাটের আবাদ বেশি করেছেন; আশার করছেন ভালো দামও পাবেন।
আবজাল হোসেন বলেন, “তবে বপনের সময় কিছুটা চিন্তায় ছিলাম প্রচণ্ড রোদের কারণে। তবে এখন ভালো বৃষ্টি হওয়ায় ক্ষেতের পাট ভালো হয়েছে।”
জেলার পাটের বাজার হিসেবে পরিচিত সালথা বাজারের পাট ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ফরিদপুর অঞ্চলের পাটের বিশেষ গুণ হলো- পাটের আঁশে দানা দেশের অন্য অঞ্চলের পাটের দানার চেয়ে ভালো মানের। যে কারণে জগত বিখ্যাত ‘সোনালী আঁশ’ পাট উৎপাদন হয় ফরিদপুরে।
তিনি বলেন, এবারের বপন মৌসুমে প্রচণ্ড খড়া থাকায় চাষিদের দুই থেকে তিন বার সেচ দিতে হয়েছে; এতে উৎপাদন ব্যয় বেড়েছে তাদের।
“জেলার চাষিরা এই মৌসুমে ১০ লাখ ৫২ হাজার বেল পাট উৎপাদন করবে আশা করছি,” বলেন তিনি।
