ঈদে কাজীরহাট-আরিচায় আরেকটি ফেরি চালানোর ঘোষণা
ঈদ উপলক্ষে চলাচল আরও গতিশীল করতে কাজীরহাট-আরিচা রুটে আরেকটি ফেরি চলাচল করবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার দুপুরে পাবনার কাজীরহাট ফেরিঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুর উপর চাপ ও ঝুঁকি কমাতে এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বর্তমান সরকারের ১০ হাজার কিলোমিটার নদীপথ বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবেই পাবনার কাজীরহাট-আরিচা নৌ রুটে ফেরি সার্ভিস চালু করা হয়।
ইতিমধ্যে এই রুটটি জনপ্রিয়তা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ঈদে অতিরিক্ত যাত্রী ও পরিবহনের চাপের কারণে দুয়েকদিনের মধ্যে নতুন আরেকটি ফেরি এই রুটে চলাচল শুরু করবে।”
তিনি বলেন, এখানে নিজস্ব ওয়ার্কশপ না থাকায় অনেক সময় জটিলতার সৃষ্টি হয়। শীঘ্রই এই ঘাটটি আধুনিকায়ন করা হবে।
কাজীরহাট-আরিচা ফেরিঘাট পরিদর্শন কালে বিআইডাব্লিউটিসি চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক বলেন, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি দীর্ঘ প্রায় এক যুগ পর পাবনার কাজীরহাট ও মানিকগঞ্জের আরিচা রুটে ফেরি চলাচল শুরু হয়।
এই ঘটটি চালু হওয়ার পর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ১৫টি জেলার লোকজন এ রুটে চলাচল শুরু করেন।
এ সময় বিআইডাব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জ্বল, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
