ধীরগতিতে খুবির কোভিড টেস্ট ল্যাবের অনুমোদন মিলল
করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মাঝে চিকিৎসা দিতে হিমশিম খাওয়ার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে পিসিআর ল্যাবের মেশিনপত্র আসার মাস দেড়েক পর নমুনা পরীক্ষার অনুমোদন মিলেছে।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই অনুমোদনপত্র এসে পৌঁছালেও কিট না পাওয়া পর্যন্ত করোনাভাইরাস পরীক্ষা চালু হবে না এই ল্যাবে।
খুবির এ ল্যাবের পরিচালক অধ্যাপক ড. আশীষ কুমার দাস জানান, মঙ্গলবার বিকেলে ‘শর্ত সাপেক্ষে’ নমুনা ও কিট অনুমোদনের চিঠি পেয়েছেন। তবে শর্তগুলো এড়িয়ে যান তিনি।
এ ল্যাব প্রতিষ্ঠার বিষয়ে ড. আশীষ জানান, গত জানুয়ারি মাসে এ ল্যাবের মেশিনপত্রের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। জার্মানি ও যুক্তরাষ্ট্র থেকে তিন বারে আসে এসব যন্ত্রপাতি। শেষ চালানটি এসে পৌঁছায় জুন মাসের প্রথম সপ্তাহে।
৩০ জুন বিশ্ববিদ্যালয়ের রেজ্রিস্ট্রার খান মো. গোলাম কুদ্দুস ল্যাবের অনুমোদনের জন্য মন্ত্রণালয়কে চিঠি পাঠান। এরপর ৪ জুলাই সন্তোষ প্রকাশ করে চিঠি দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
তিনি আরও জানান, জুনের শেষ দিকে দু'দিন খুলনা মেডিকেলের পিসিআর ল্যাব বন্ধ থাকায় এই ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না মেলায় পরে ল্যাবটি বন্ধ থাকে।
এদিকে, খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে পরীক্ষার সক্ষমতার চাইতে প্রতিদিন দুই থেকে তিন গুণ নমুনা সংগ্রহ করা হয়। ফলে করোনাভাইরাসের পরীক্ষার ফলাফল দিতে সময় লাগে।
খোঁজ নিয়ে জানা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এ নমুনা পরীক্ষার ফল পেতে এক সপ্তাহের বেশি সময় লেগে যাচ্ছে।
তুষার বলেন, “কয়েকজন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হওয়ায় গত ৩০ জুন থেকে চার দিন ল্যাব বন্ধ ছিল। তখন থেকেই জট লেগেছে।
“ওই সময় দুই হাজার ২০টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেগুলোর ফলাফল এসেছে। পরবর্তী সময়ে আরও দুই হাজার ১০০টি নমুনা ঢাকায় পাঠানো হয়। সেগুলোর ফলাফল হয়তো দু-এক দিনের মধ্যে চলে আসবে।”
মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজের সামনে গিয়ে দেখা যায়, নমুনা দেওয়ার জন্য প্রায় দেড় শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন।
লাইনে দাঁড়িয়ে নগরীর বয়রা এলাকার বাসিন্দা মো. রানা জানান, তিনি গত ৫ জুন নমুনা দিয়েছিলেন। এখনও ফলাফল পাননি। এ নিয়ে ভোগান্তিতে আছেন তিনি।
রানা জানান, তার মত অসংখ্য মানুষ প্রতিদিন নমুনার ফলাফল জানার জন্য এখানে এসে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন। ‘পরীক্ষার ফল পেতে দেরি হওয়ায় সংক্রমণ বাড়ছে’।
কোভিড চিকিৎসায় জড়িত চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তারা বলছেন, প্রতিদিন সুস্থ হওয়া রোগীর চেয়ে শনাক্তের সংখ্যা অনেক বেশি হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে।
মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর পরিচালক রাশেদা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩২০ জনের। এ বিভাগে এই ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৫৮৮ জন। মারা গেছে ৪৮ জন।
মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ৭৮০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে শুধু খুলনা জেলায় শনাক্ত ১৯ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ৪৪৩ জন রয়েছে।
সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, “সম্মিলিত প্রয়াস ছাড়া কারও একার পক্ষে এ যুদ্ধ জয় করা সম্ভব নয়।”
