২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিভাগে আরও ৫১ মৃত্যু, সচেতনতা গড়া ‘বড় চ্যালেঞ্জ’

খুলনা বিভাগে করোনাভাইরাসে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে।

শুভ্র শচীন

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2021, 11:00 PM

Updated : 10 Oct 2022, 06:05 PM

বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৫১ জনের মৃত্যু এবং ১ হাজার ৭৩২ জনের শনাক্ত হয়েছে।

এ দিন বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এছাড়া কুষ্টিয়ায় ১০ জন, যশোরে ৬ জন, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল ও মাগুরা চার জেলায় ৩ জন করে এবং বাগেরহাটে ও মেহেরপুরে ১ জন করে মারা গেছেন।

জেলাভিত্তিক তথ্য থেকে দেখা যায়, এদিন বিভাগের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে খুলনা জেলায় ৩৩৮ জন। আক্রান্তদের মধ্যে ‘বেশিরভাগ গ্রামের বাসিন্দা’।

খুলনার ১৩০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র সুহাষ রঞ্জন হাওলাদার বলেন, গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা অনেক কম। যে কারণে করোনার দ্বিতীয় ঢেউয়ে গ্রামের মানুষ আক্রান্ত হচ্ছেন বেশি।

তবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি (খুলনা) শেখ বাহারুল আলম বলছেন, শুরু থেকেই পদ্ধতিগত অনেক ভুল ছিল। করোনা সংক্রমণের উৎস নির্ধারণ, কারা ছড়াচ্ছে, কোনো জনগোষ্ঠী ঝুঁকিপূর্ণ সেসব শনাক্ত করা হয়নি।

তিনি বলেন, খুলনার জনসংখ্যা আর রোগের বিস্তৃতি অনুসারে আসলে কোভিডের জন্য কত শয্যা দরকার, কত সরঞ্জাম দরকার, সেটা সঠিকভাবে পরিকল্পনামাফিক নির্ধারণ করা হয়নি। প্রয়োজন নির্ধারণ না করেই মনগড়া কিছু করা হয়েছে। প্রতিরোধে ব্যবস্থা জোরদার ছিল না, চিকিৎসার ক্ষেত্রে উপকরণ, অবকাঠামো, জনবল ঘাটতি ছিল এবং এখনো আছে।

গত বছরের ১৩ এপ্রিল খুলনায় প্রথম করোনারোগী শনাক্ত হয়। আর মৃত্যুর প্রথম খবর আসে ২১ এপ্রিল। অভিযোগ রয়েছে, এরপর ১৫ মাস কেটে গেছে কিন্তু জেলা, নগর ও উপজেলা পর্যায়ে করোনা সংক্রমণ প্রতিরোধে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দৃশ্যমান হয়নি।

গত বছর প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় জীবাণুনাশক ছিটানো, মানুষকে হাত ধোয়ায় উৎসাহিত করতে বিভিন্ন জায়গায় সাবান পানির ব্যবস্থা, বিপণিবিতানগুলোতে হাত ধোয়ার ব্যবস্থা ছিল। ধীরে ধীরে তা উঠে গেছে।

এসব অভিযোগ অভিযোগ প্রসঙ্গে খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, সংক্রমণ কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বেশিরভাগ সময় মানুষ সেই পদক্ষেপে শামিল হতে চায়নি। স্বাস্থ্যবিধি মানলে অবস্থা এত খারাপের দিকে যেত না। সম্মিলিত প্রয়াস ছাড়া কারও একার পক্ষে এই যুদ্ধ জয় করা সম্ভব নয়।

খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, মাস্ক পরার ক্ষেত্রে অনীহা আছে। অনেকে আবার যথাযথভাবে পরেও না। এটা বড় চ্যালেঞ্জ।

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৬৭ হাজার ৫৩১ জন শনাক্ত হয়েছেন এবং ১ হাজার ৪১৬ জন মারা গেছেন।