চাঁদপুরে আন্তঃজেলা ‘চোর চক্রের চার সদস্য’ গ্রেপ্তার
চাঁদপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে দুজন সম্পর্কে বাবা-ছেলে।
সোমবার ভোররাতে হাজীগঞ্জ উপজেলার জয়শরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি চোরাই অটোরিকশাসহ গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
আটকরা হলেন, কুমিল্লা চান্দিনার বেলাশ্বর গ্রামের চনু মিয়ার বাড়ির রেনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), তার ছেলে শাকিব (২০), একই এলাকার ঝলম গ্রামের মন্টু মিয়ার ছেলে সজিব (২৬) এবং চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার গাবুয়া গ্রামের হাজী বাড়ির হারুন অর রশিদের ছেলে শরিফ হোসেন (২৬)।
হাজিগঞ্জ থানার ওসি হারুন-অর-রশিদ জানান, অভিযানে আন্তঃজেলা চোরচক্রের এসব সদস্যদের আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং গরু বাঁধার রশি উদ্ধার করা হয়।
এছাড়া আসামিদের মধ্যে জাহাঙ্গীর আলম এবং শরিফ হোসেনের কাছ থেকে চোরাই একটি অটোরিকশা উদ্ধার করা হয়। অটোটি হারানোর পর হাজীগঞ্জ থানায় একটি মামলা হয়েছিল।
ওসি আরও জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
