২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কোভিডে মৃত্যু বেড়ে দ্বিগুণ, শনাক্ত ফের হাজার

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৮ জন মারা গেছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2021, 06:35 PM

Updated : 02 Aug 2022, 06:00 PM

রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং শনাক্ত আবারও হাজার ছাড়িয়েছে।

গত শনিবার ১৪ জনের মৃত্যুর তথ্য ছিল এবং আক্রান্ত শনাক্ত হয় ৮৪৮ জন। রোববার একদিনের ব্যবধানে বেড়ে ১ হাজার ২০২ জন শনাক্ত ধরা পড়ল।

এ বিভাগে চলতি মাসের ২৭ দিনে ৩৩৬ জনসহ এ যাবৎ মোট ৯৮১ জনের মৃত্যুর তথ্য দিয়ে রাশেদা বলেন, “বিভাগে মৃত্যুর হার ১ দশমিক ৮৮ শতাংশ।“

মোট শনাক্তের সংখ্যা ৫২ হাজার ১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬১৫ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি পাঁচজন করে মারা গেছেন খুলনা ও বাগেরহাটে। এরপর কুষ্টিয়া, নড়াইল ও যশোরে মারা গেছেন চারজন করে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুরে দুজন করে মারা গেছেন।

বিভাগে করোনায় মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ২৪০, কুষ্টিয়ায় ১৮৯, যশোরে ১৩৩, চুয়াডাঙ্গায় ৮৪, ঝিনাইদহে ৮৩, বাগেরহাটে ৭৯, সাতক্ষীরায় ৬৬, মেহেরপুরে ৪২, নড়াইলে ৪০ ও মাগুরায় ২৫ জন রয়েছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় মোট ২ হাজার ৯০৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪১ দশমিক ৪১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৯৪ শতাংশ।

বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে বাগেরহাটে ১৭৭, চুয়াডাঙ্গায় ১০৬, যশোরে ১৩৫, ঝিনাইদহে ৯০, খুলনায় ২৯৯, কুষ্টিয়ায় ১৯৫, মাগুরায় ৪৩, মেহেরপুরে ৪৫, নড়াইলে ৫৮ ও সাতক্ষীরায় ৫৪ জন।

শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। খুলনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৬৩২ জন।

এ ছাড়া বাগেরহাটে ৩ হাজার ৫৯, চুয়াডাঙ্গায় ৩ হাজার ৮৩, যশোরে ১১ হাজার ৩২৫, ঝিনাইদহে ৩ হাজার ৯৯৪, কুষ্টিয়ায় ৭ হাজার ১৮৪, মাগুরায় ১ হাজার ৪৮৭, মেহেরপুরে ১ হাজার ৬০১, নড়াইলে ২ হাজার ৫২৮ ও সাতক্ষীরায় ৩ হাজার ২৭৪ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসের প্রথম ২৭ দিনে বিভাগে ১৭ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৩৩৬ জন।

এর আগের ৫-৩১ মে এই ২৭ দিনে শনাক্ত হয়েছিল ২ হাজার ৭৭১ জন এবং মারা যায় ৬৩ জন।