শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে গোসলে নেমে শীতলক্ষ্যায় ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাপাসিয়া থানার এসআই মো. নাহিদ হাসান খান জানান, শনিবার সকাল ৮টার দিকে কাপাসিয়া ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদী থেকে লাশটি তারা উদ্ধার করেন।
মৃত বিশ্বৎজিত বাঁশফোর (১৭) শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শ্রীপুর সদরের বিনয় বাঁশফোড়ের ছেলে। সে গত বছর শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিল।
এসআই বলেন, “বৃহস্পতিবার বিশ্বৎজিতের বন্ধু বিজয়ের জন্মদিন ছিল। এ উপলক্ষ্যে তারা ১০-১১ জন বন্ধু মিলে সেদিন বেলা সাড়ে ৩টার দিকে শ্রীপুরের গোসিঙ্গার শাহ্-সিমেন্ট ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসলে যায়। এক পর্যায়ে বিশ্বজিত পানিতে তলিয়ে যায়।
“বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল বিশ্বজিৎকে উদ্ধারে অভিযান শুরু করে। কিন্তু রাত ৮টার পর্যন্ত কোনো সন্ধান না মেলায় তারা চলে যান।”
সকালে এলাকাবাসী নদীতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় বলে জানান নাহিদ।
