পদ্মা সেতুর গ্যাস পাইপ এল চীন থেকে মাওয়া
পদ্মা সেতুতে বসানোর জন্য চীন থেকে গ্যাস পাইপ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে; সেখান থেকে ইতিমধ্যে প্রকল্প এলাকা মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরের জাজিরা আসা শুরু হয়েছে।
সেতুর রেলওয়ের সব স্ল্যাব বসে যাওয়ার পর এখন গ্যাস লাইন স্থাপনে কাজ চলছে। এই সেতু দিয়েই গ্যাস যাবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে।
পদ্মা সেতু প্রাকৃতিক গ্যাস লাইন প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার মো. তাইফুজ্জামন জানান, চীন থেকে সমুদ্র পথে ১২ মিটার লম্বা ৫৩১টি গ্যাস পাইপ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে ৫টি পাইপ পদ্মা সেতুর মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে এসে পৌঁছায় বুধবার বিকালে। শুক্রবার থেকেই ইয়ার্ডে শুরু হয়ে গেছে কর্মযজ্ঞ।
তাইফুজ্জামন জানান, কন্সট্রাকশন ইয়ার্ডের স্প্যান রং করার এই ওয়ার্কসপে মাওয়া প্রান্তের গ্যাস পাইপ স্থাপনের জন্য উপযোগী করে প্রস্তুত করা হবে। চট্টগ্রাম বন্দর থেকে মাওয়া প্রান্তের দুইটি মডিউলের সব পাইপ সড়ক পথে আসছে ইয়ার্ডে।
“আর জাজিরা প্রান্তের পাঁচটি মডিউলের পাইপ যমুনা সেতু ঘুরে যাচ্ছে সরাসরি জাজিরায়।”
এখন গ্যাস পাইপ কেটে পরবর্তী ধাপের প্রক্রিয়া চলছে বলে জানান এই প্রকৌশলী।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) উপ-মহাব্যবস্থাপক গৌতম ঘোষ জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হয়ে লাঙ্গলবন্দ ব্রাঞ্চ স্টেশন থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর হয়ে এই গ্যাস যুক্ত হয়ার কথা রয়েছে মাওয়া গ্যাস সাব স্টেশনে। এখান থেকেই গ্যাস যাবে দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের কাছে।
পদ্মা সেতু প্রাকৃতিক গ্যাস লাইন প্রকল্পের প্রকল্প প্রকৌশলী তানভীর হাসান বলেন, ছয় মাসের মধ্যেই সেতুতে পাইপ বসানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের জুনের মধ্যে সেতুটি সড়ক ও রেল পথ চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। তাই সেতু জুড়ে চলছে এক মহাযজ্ঞ। সেতুর সার্বিক অগ্রগতি ৮৬ শতাংশ ছাড়িয়ে গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪২ থেকে ৩৭ নম্বর খুঁটি পর্যন্ত আগামী ১ জুলাই সেতুতে পাইপ স্থাপন শুরু হবে।
চায়না পেট্রোলিয়াম পাইপ লাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এই পাইপ লাইন স্থাপন কাজ করছে।
