২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নয়জন মারা গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2021, 04:39 PM

Updated : 07 Apr 2022, 11:16 PM

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, গত মঙ্গলবার ও বুধবার ওই নয়জনের মৃত্যু হয়।

এদিকে চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান বলেন, একমাস আগেও প্রতিদিন গড়ে সংক্রমণ হচ্ছিল ২-৩ জন করে; এখন তা বেড়ে গেছে। নমুনা পরীক্ষার হারে গত এক সপ্তাহে সংক্রমণ হয়েছে ৫১ শতাংশের ওপরে।

এছাড়া সংক্রমিত হয়ে কিংবা উপসর্গ নিয়ে মৃত্যুহারও বেড়েছে। গত ১১ দিনে মারা গেছে অন্তত ২২ জন। এই হিসেবে গড়ে প্রতিদিন দুজনের মৃত্যু হচ্ছে বলে জানান তিনি।

জুন মাসের শুরুর দিক থেকে জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া শুরু হয়। রোগী বাড়তে থাকে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, এ অবস্থায় জেলা তারা দামুড়হুদা উপজেলার গত ২ জুন প্রথমে সাতটি গ্রামে পরে ১৬টি গ্রামে চলাচলে বিধিনিষেধ আরোপ করে। তারও কিছুদিন পর পুরো দামুড়হুদা উপজেলা লকডাউন ঘোষণা করা হয়।

একইভাবে চুয়াডাঙ্গা পৌর এলাকা ও আলুকদিয়া ইউনিয়ন এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়া শুরু হলে এ দুটি এলাকাতে গত ২০ জুন থেকে লকডাউন দেওয়া হয়েছে। এর দুদিন পর জীবননগর উপজেলাও লকডাউন দেওয়া হয়; যা এখনও বলবৎ রয়েছে।