২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে গাছের গুঁড়ি ফেলে, আগুন ধরিয়ে সড়ক অবরোধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান বাদলের ওপর হামলার প্রতিবাদে ডাকা অবরোধের দ্বিতীয় দিনে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2021, 04:15 PM

Updated : 10 Oct 2022, 06:02 PM

রোববার সকাল থেকে আবদুল কাদের মির্জার এলাকা বসুরহাট, চাপরাশিরহাট, বাংলাবাজারসহ উপজেলার বিভিন্ন সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। টায়ারেও আগুন দেয় অবরোধকারীরা।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বলেন, “সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তায় টহল দিচ্ছেন।”

শনিবার সকালে ব্যক্তিগত গাড়িতে ঢাকা যাওয়ার পথে বসুরহাটে হামলার শিকার হন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

ওই হামলার জন্য বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদেরকে দায়ী করছে উপজেলা আওয়ামী লীগ। মিজানুর রহমান বাদল বর্তমানে ঢাকার ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার বেলা ১২টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। ঘণ্টাখানেক পর চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজারে সড়ক অবরোধ করা হয়।

বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিপেটা করে পুলিশ, এক পর্যায়ে শটগান থেকে ফাঁকা গুলিও ছোড়া হয়।

এ সময় বাদলের অনুসারী ৪ নেতাকর্মী এবং কোম্পানীগঞ্জ থানার পরিদর্শকসহ (তদন্ত) ৪ পুলিশ সদস্য আহত হন। অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

ওই ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বাদী হয়ে শনিবার রাতে ওই মামলা দায়ের করেন।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম সবুজকে (৬৬) প্রধান আসামি করা হয়। এছাড়া ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানা হচ্ছে। তবে নিরাপরাধ কেউ যেন হয়রানি না হয় সে বিষয়েও সতর্ক রয়েছে পুলিশ।