বেনাপোল বন্দরে কেমিকেলের ট্রাক পুড়ে ছাই
বেনাপোল বন্দরে কেমিকেল বোঝাই ভারতীয় একটি ট্রাক আগুনে পুড়ে গেছে।
সোমবার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের ৮ নম্বর গেইটের সামনে প্রধান সড়কে দাঁড়িয়ে থাকা ব্লিচিং পাউডার বোঝাই ভারতীয় ট্রাকে এ আগুন লাগে।
বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত না। ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানি পেয়ে পাউডার গরম হয়ে আগুনের সৃষ্টি হতে পারে।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের কার্গো বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, “সন্ধ্যা ৭টায় প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে ২৫ টন ব্লিচিং পাউডার বোঝাই পণ্যবাহী ট্রাকটিতে আগুন ধরে যায়। ব্লিচিং পাউডার দাহ্য পদার্থ। এতে পানি লাগলে আগুন ধরে যায়।”
তবে এ অগ্নিকাণ্ডের সময় ওই ট্রাকের চালক ও তার সহকারী ছিলেন না।
