রাস্তার মাঝে খুঁটি, ‘টাকা দিলে সরাবে’ বিদ্যুৎ বিভাগ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুতের খুঁটি রেখে রাস্তা নির্মাণের কাজ চলছে; যা ‘টাকা দিলে সরাবে’ বলে বিদ্যুৎ বিভাগ জানিয়ে দিয়েছে।
উপজেলার বক্সনগর ইউনিয়নের বর্ধনপাড়া পিকেবি উচ্চবিদ্যালয় এলাকায় গ্রামীণ এই রাস্তাটির উন্নয়ন কাজ করা হচ্ছে। কাজটি তদারক করছে উপজেলা প্রকৌশল বিভাগ।
উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তা প্রশস্ত করতে গিয়ে খুঁটিগুলো ভেতরে চলে এসেছে। এখন স্থানান্তরের জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ ২ –এর মহাব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন বর্তমানে আলাদা কোনো বাজেট নেই। নতুন করে বাজেট আসলে বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।”
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া বলেন, তিনি স্থানীয়দের পক্ষে ঢাকা পল্লী বিদ্যুৎ-২ দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু এর কোনো প্রতিকার পাননি।
ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. আক্কাস আলী একাধিকবার ওই দপ্তরে গিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন।
এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর মহাব্যবস্থাপক মো. মজিবুর রহমান বলেন, “আবেদনের প্রেক্ষিতে ডিমান্ড নোট দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী আবেদনকারী খুঁটি স্থানান্তরের জন্য সরকার নির্ধারিত ফি জমা দিলেই খুঁটিগুলো স্থানান্তরের কাজ করে দেওয়া হবে।”
