সিরাজগঞ্জে ট্রাকচাপায় গার্মেন্টস কর্মী নিহত
সিরাজগঞ্জে ট্রাক টাপায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ
মহাসড়কের সদর উপজেলার ইকোনোমিক জোনের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতুর ওসি মোসাদ্দেক হোসেন জানান।
নিহত ইবনে আশোয়াদ (২৪) নওগাঁ জেলা সদরের দুবলাহাটি গ্রামের আতোয়ার রহমানের ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন।
ওসি বলেন, আশোয়াদ মোটর সাইকেলে করে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। এ সময় বৃষ্টিতে পথ পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার উপর পড়ে যান।
“খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
ট্রাক ও মোটর সাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলেন ওসি।
