২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে গরু বোঝাই একটি ট্রাক লুটে করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2021, 08:16 PM

Updated : 07 Apr 2022, 11:08 PM

সোমবার ভোরে কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনায় ব্যবসায়ীদের মারধর করে তাদের নগদ টাকাসহ জিনিসপত্র নিয়ে যায় ছিনতাইকারীরা।

আহতরা হলেন, মুন্সিগঞ্জের সদর উপজেলার উত্তর গোহেরকান্দি এলাকার সিরাজ জমাদ্ধারের ছেলে রিমন হোসেন, মুন্নাব বেপারীর ছেলে নুর আলম, রাজশাহীর গোদাগাড়ি থানার মাঠুপাড়ার হাবিবুর রহমানের ছেলে ট্রাক চালক তারেক রহমান, রফিকুল আলমের ছেলে ওয়াসিম আলম এবং কুষ্টিয়ার ভেড়ামারা থানার গোলাপ নগরের মজিবুর বেপারীর ছেলে মামুন হোসেন।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, মুন্সিগঞ্জ সদর উপজেলার কাটাখালির তাহসিন ডেইরি ফার্মের মালিক হাসান, রিমন হোসেন এবং শরীফ হোসেন নামে তিন ব্যবসায়ী গরু ও মহিষ কিনতে রাজশাহীর সিটির হাটে যান।

তারা সিটির হাট থেকে ১৮টি গরু ও মহিষ কেনেন। ওই গরু ও মহিষ নিয়ে রিমন হোসেন, ফার্মের নুর আলম, মামুন হোসেন গত রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি ট্রাক যোগে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চান্দরায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডিবি পুলিশের পরিচয়ে ৮ থেকে ৯ জন সশস্ত্র ছিনতাইকারী ট্রাকে মাদক আছে বলে মাইক্রোবাস নিয়ে তাদের ট্রাকের গতি রোধ করে।

পরে পিস্তল,  কিরিচ ও চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। তাদের কাছে থাকা দুই লাখ ৭২ হাজার টাকা, চারটি মোবাইল সেট ও রূপার একটি ব্রেসলেট লুট করে গরু বোঝাই ট্রাক নিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত মাইক্রোবাসে ট্রাকের পাঁচজনকে তুলে নিয়ে অন্যত্র ফেলে রেখে চলে যায়।

স্থানীয়দের সহযোগিতায় হাত-পা ও মুখ খুলে ব্যবসায়ী রিমন ৯৯৯-এ ফোন দেয় এবং পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলেন তিনি।

এ ঘটনায় ব্যবসায়ী রিমন হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) পারভেজ আহম্মেদ বলেন, গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।