২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ১৭ দিনেও উদ্ধার হয়নি ‘অপহৃত’ স্কুলছাত্রী

ফেনীতে নিখোঁজ এক স্কুলছাত্রীর সন্ধান ১৭ দিনেও মেলেনি, যাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2021, 07:15 PM

Updated : 02 Aug 2022, 05:50 PM

জেলা শহরের মহিপাল এলাকা থেকে গত ৫ মে ৯/১০ জন যুবক দশম শ্রেণির এই ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মেয়েটির বাবা ও মামলার বাদী সাংবাদিকদের বলেন, তার মেয়ে গত ৫ মে সকালে বাড়ির পাশে স্থানীয় মুদি দোকানে মালামাল কিনতে যায়। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ৯/১০ জন যুবক তাকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

“এই ঘটনায় পরদিন [৬ মে] তিনি ফেনী মডেল থানায় লিখিত একটি এজহার দিলে পুলিশ সেটিকে এজহার হিসেবে না নিয়ে নিখোঁজ হয়েছে মর্মে সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে।”

তিনি জানান, এরপর ১১ মে তিনি [ছাত্রীর বাবা] বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলার শুনানি করে থানায় মামলা নেওয়ার আদেশ দেন।

তিনি আরো জানান, এরপর গত বুধবার [১৯ মে] তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় মো. জাবেদ হোসেন (২৫), তার সহযোগী মো. শিবলু (২৪), দিদারুল আলম (২৫) ও রবিনের (২৫) নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে।

ফেনী মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া বলেন, পুলিশ ‘অপহৃত’ স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। আসামিদের বাড়িতে ইতোমধ্যে তল্লাশি চালানো হয়েছে। ঘটনার পর থেকে তারা সবাই পলাতক রয়েছেন।

ছাত্রীটির বাবা মামলার বাদী বলেন, “আসামিরা আমার মেয়েকে ধর্ষণ ও খুন করে লাশ গুম করে ফেলার আশঙ্কা করছি।”

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, ‘অপহরণকারী’ মো. জাবেদ হোসেনকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে তার অবস্থান নিশ্চিত হতে পারছে না পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে।

দ্রুত সময়ের মধ্যে স্কুলছাত্রীকে উদ্ধার করার আশা করছে পুলিশ।