কক্সবাজারে অস্ত্রসহ ৪ ‘আসামি’ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ ও মহেশখালী উপজেলায় অস্ত্রসহ একাধিক মামলার পলাতক চার আসামিকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
বুধবার ভোরে টেকনাফফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মতিশিয়া পাহাড়ি এলাকায় পৃথক এ অভিযান চালানো হয়।
এরা হলেন- হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালি স্কুলপাড়ার আব্দুর সাত্তারের ছেলে সোনা মিয়া (৫৬) ও তার ছেলে আব্দু ছালাম ওরফে পুতিইন্যা (৩২), একই ইউনিয়নের নাটমুরা পাড়ার আমির হোছাইনের ছেলে রবিউল আলম ওরফে রবি আলম (২৮) এবং মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. এবাদুল্লাহ (২৬)।
টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, “হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা অবস্থান করছে খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
“এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া দিয়ে সোনা, ছালাম ও রবিউলকে দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি রামদাসহ গ্রেপ্তার করে।”
এদিকে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মতিশিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. এবাদুল্লাহ (২৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান মহেশখালী থানার ওসি আব্দুল হাই।
এবাদুল্লা মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
ওসি বলেন, “এবাদুল্লাহ মতিশিয়া পাহাড়ি এলাকার একটি বাড়িতে অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে বাড়ি থেকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
“পরে এবাদুল্লাহর দেওয়া তথ্যে তার বাড়িতে মাটি চাপা দেওয়া অবস্থায় দেশিয় তৈরি তিনটি বন্দুক উদ্ধার করা হয়।"
এবাদুল্লা একজন ‘চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী’। তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা ও অস্ত্রসহ নানা অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নতুন করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
