কিশোরগঞ্জে নানিকে হত্যার অভিযোগ ‘মাদকাসক্তের’ বিরুদ্ধে
‘মাদকের টাকার জন্য’ কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে, যাকে মাদকাসক্ত বলছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার ফরিদপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানিয়েছেন।
এই সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও দুই জন আহত হয়েছেন।
নিহত বুদি বেগম (৬০) ফরিদপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন আতাউল্লাহ ও আনিছুর রহমান। তাদের মধ্যে আনিছুর রহমানকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আতাউল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক মিজানুর রহমান জানান, নিহত বুদি ও তার নাতি শাহিন (৩৩) দুজনই ফরিদপুর গ্রামের একটি মাজার শরীফের ভক্ত। বুধবার রাতে বুদি বেগম মাজারে যান।
“রাত ৮টার দিকে বুদি বেগমকে বটি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন শাহিন। এই সময় বুদি বেগমের চিৎকার শুনে মাজারে অবস্থানরত আতাউল্লাহ ও আনিসুর রহমান এগিয়ে গেলে ‘মাদকাসক্ত’ শাহিন তাদেরও কুপিয়ে পালিয়ে যান। বুদি বেগম ঘটনাস্থলেই নিহত হন।”
পরিদর্শক মিজানুর রহমান আরও বলেন, “স্থানীয়দের ধারণা, শাহিন একজন মাদকসেবী। মাদকের টাকার জন্য নানির উপর আক্রমণ করে থাকতে পারে।”
শাহিনকে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
