রাবি উপাচার্য ভবনে সাড়ে ৪ ঘণ্টা তালা ঝুলল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির সভার আগে উপাচার্যের বাসভবনে তালা দেওয়ার কয়েক ঘণ্টা পর খুলে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা; এরপর তালা দেন সিনেট ও দুটি প্রশাসন ভবনে।
মেয়াদের শেষ সময়ে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানকে সভায় অংশ নিতে না দেওয়ার উদ্দেশ্যে এই কাজ করেছেন বলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা জানান।
রোববার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড সংলগ্ন উপাচার্যের বাসভবনে তালা দেওয়া হয়। পরে বেলা দেড়টার দিকে এই ভবনের তালা খুলে দিয়ে সিনেট ও দুই প্রশাসন ভবনে তালা ঝোলানো হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি ফারুক হোসেন বলেন, রোববার সকাল সাড়ে ১০টায় উপাচার্য ভবনে ফিন্যান্স কমিটির একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপাচার্য এম আবদুস সোবহান যেন কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন সেজন্য এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
তিনি বলেন, “বর্তমান উপাচার্য ২০১৭ সালের ৭ মে নিয়োগ পেয়েছিলেন। আগামী ৬ মে তার মেয়াদ শেষ হবে। ইতিমধ্যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।”
তাই মেয়াদের শেষ সময়ে যেন এই উপাচার্য আর কোনো আর্থিক সিদ্ধান্তের সভায় অংশ নিতে না পারেন সেজন্য ছাত্রলীগেএই অবস্থান নিয়েছে বলে ফারুক জানান।
তিনি বলেন, “দুপুর দেড়টার দিকে উপাচার্যের বাড়ির তালা খুলে দেওয়া হয়েছে। দেড়টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট, দুই প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেওয়া হয়। এই তালা আগামী ৬ মে পর্যন্ত থাকবে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পুলিশ প্রশাসনকে নিয়ে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আন্দোলকারীরা আশ্বস্ত করেছেন, তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।”
এর আগে গত ১১ জানুয়ারি ছাত্রলীগের এই নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনসহ সিনেট, দুই প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন।
গত বছরের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন দুর্নীতির তথ্য-উপাত্ত সংবলিত ৩০০ পৃষ্ঠার অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দিয়েছেন আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশ।
পরে প্রধানমন্ত্রীর দপ্তার ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অভিযোগসমূহ তদন্তে ইউজিসি একটি তদন্ত কমিটি গঠন করে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কমিটি উভয়পক্ষের বক্তব্য উপস্থাপনে উন্মুক্ত শুনানির আয়োজন করে। তদন্ত কার্যক্রম শেষে ওই বছরের ২১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয় ইউজিসি।
