পাবনায় করোনাভাইরাসে দুজনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাবনায় দুজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের নুরুন্নবী (৭০) ও ঈশ্বরদীর বাঘঈল পূর্বপাড়া গ্রামের দুলাল গাজীর স্ত্রী ফরিদা পারভীন পপি (৪৫)।
বুধবার ভোর ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদা এবং মঙ্গলবার রাতে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নুরুন্নবীর মৃত্যু হয়।
সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ বলেন, নুরুন্নবী গত কয়েকদিন আগে ঠান্ডা-জ্বর নিয়ে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়ে। কিন্তু শারীরিক কোনো জটিলতা না থাকায় সোমবার পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যায়। মঙ্গলবার হঠাৎ তার মৃত্যু হয়।
বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে নুরুন্নবীকে দাফন এবং আগামী দুই সপ্তাহের জন্য তার বাড়ি অবরুদ্ধ করা হয়েছে বলে জানান জামাল।
এদিকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল কায়েস জানান, ফরিদা সম্প্রতি তার এক আত্মীয়কে নিয়ে চিকিৎসা করাতে ঢাকা যান। গত ১৪ এপ্রিল বাড়িতে ফিরে তিনি শরীরে জ্বর অনুভব করেন। পরে করোনাভাইরাস পরীক্ষা করা হলে তার রির্পোট পজিটিভ আসে।
“এরপর ফরিদার শারিরীক অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার বাদ জোহর বাঘঈল গোরস্থানে তাকে দাফন করা হয়।”
ফরিদার সংস্পর্শে আশা ব্যক্তিদের বাড়িও অবরুদ্ধ করা হয়েছে বলে ইউএনও জানান।
