আড়াইহাজারে তাঁত শ্রমিককে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক তাঁত শ্রমিকের লাশ পাওয়া গেছে, যাকে ‘পরকীয়া সম্পর্কের’ কারণে হত্যা করা হয়েছে বলে পরিবারের অিভিযোগ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী কান্দাপাড়া এলাকার বাড়ির পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
নিহত মজিবুর মিয়া (৪৫) ইলমদী কান্দাপাড়া এলাকায় থাকতেন পরিবার নিয়ে। তিনি ওই এলাকার নুরুল হকের ছেলে।
পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার এসআই মোহাম্মদ সজিব জানান, মজিবুর মিয়া বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি।
“বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা মুজিবুরের মৃতদেহ বাড়ির পাশে জমিতে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলে তিনি জানান।
নিহত মজিবুরের স্ত্রী নাজমা বলেন, তার স্বামী একজন হস্তচালিত তাঁত শ্রমিক। তাদের তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে।
তিনি বলেন, তাদের বাড়ির পাশে এক নারীর সঙ্গে তার স্বামীর ‘পরকীয়া সম্পর্ক’ ছিল; এই কারণে ওই পরিবারের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না।
এই কারণে তার স্বামীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তার ধারণা।
এসআই সজিব জানান, নিহতের মাথার পিছনে, কপাল, নাকসহ বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এই ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বলে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান।
