২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ১৪ লাখ ইয়াবাসহ ২ জন আটক

কক্সবাজার সদরে ১৪ লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত মাছ ধরার একটি ট্রলার জব্দ করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2021, 05:54 PM

Updated : 07 Apr 2022, 10:44 PM

মঙ্গলবার দুপুর আড়াইটায় সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন খালের ঘাটে এ অভিযান চালানো হয় বলে জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান।

আটকরা হলেন- কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. জহিরুল ইসলাম ফারুক (৩৭) ও একই এলাকার মোহাম্মদ মোজাফ্ফরের ছেলে মোহাম্মদ বাবু (৫৫)।

তাদের মধ্য জহিরুল চিহ্নিত মাদক বিক্রেতা এবং তার নামে কক্সবাজার সদর থানাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার অভিযোগে একাধিক মামলা রয়েছে। আর বাবু জব্দ করা মাছ ধরার ট্রলারটির মালিক।

এসপি হাসানুজ্জামান বলেন, সোমবার রাতে পুলিশের কাছে খবর আসে কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা হয়ে সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার।

“মঙ্গলবার দুপুরে আড়াটায় চৌফলদন্ডী ব্রিজ সংলগ্ন খালের নৌঘাটে জেলের ছদ্মবেশে পুলিশের একটি দল সন্দেহজনক মাছ ধরার ট্রলারে অভিযান চালায়। এতে ট্রলারটি থেকে হাতেনাতে দুজনকে আটক করা হয়।”

তিনি বলেন, পরে ট্রলারটিতে তল্লাশি করে সাতটি বস্তাটি পাওয়া যায়। বস্তাগুলো খুলে ১১৪টি প্যাকেট থেকে ১৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ হাজার করে ইয়াবা। ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।"

আটকরা একটি সংঘবদ্ধ মাদক পাচারকারি চক্রের সদস্য। আটকদের জিজ্ঞাসাবাদ করে চক্রটির অন্য সদস্যদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।