২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় কুড়ালের আঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেপ্তার  

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2021, 08:47 PM

Updated : 02 Aug 2022, 05:24 PM

রোববার সকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রেশমা বেগম (২৮) ওই গ্রামের মনজু মিয়ার (৩৬) স্ত্রী এবং একই উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরামকাজি ফলগাছা গ্রামের ফজলুল হকের মেয়ে।        

এলাকাবাসীর বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, দীর্ঘদিন থেকে রেশমা বেগমের সাথে মনজু মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে মনজু মিয়া কুড়াল দিয়ে রেশমা বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রেশমা বেগম মারা যান।”

ওসি আব্দুল্লাহিল জামান আরও বলেন, পুলিশ সুন্দরগঞ্জ উপজেলা সদরের বাজার থেকে মনজু মিয়াকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় নিহত রেশমা বেগমের ভাই সুমন মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মনজু মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ১৬ বছর আগে রেশমা বেগমের সঙ্গে মনজু মিয়ার বিয়ে হয়। তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।