জন্মশতবর্ষে জেলেদের নৌকা দিল বিজিবি
জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিজিবি পক্ষ থেকে ১০০টি নৌকা জেলের মাঝে বিতরণ করা হবে।
এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজশাহী নগরের শ্রীরামপুর টি-বাঁধে আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ জন জেলের হাতে নৌকার বৈঠা তুলে দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
বৈঠা বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি প্রধান বলেন, “শত নৌকায় জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনে বিজিবির কর্মসূচির অংশ হিসেবে বিজিবি পক্ষ থেকে ১০০টি নৌকা জেলের মাঝে বিতরণ করা হবে; এর মধ্যে রাজশাহীতে দেওয়া হয়েছে ২৫ জনকে।
“১০০টি নৌকা প্রান্তিক জেলেদের সাবলম্বী করার প্রয়াসে প্রদান করা হচ্ছে। ১০০টি নৌকা শুধুমাত্র ১০০ জন জেলেকেই নয়; বরং ১০০টি পরিবার ও পরিবারের সদস্যদেরও নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। সীমান্তের প্রান্তিক জনগোষ্ঠি যতই সাবলম্বী হয়ে উঠবে সীমান্ত সংক্রান্ত অপরাধ এবং চোরাচালান ততই হ্রাস পাবে বলে আমি বিশ্বাস করি।”
এ সময় সীমান্ত হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে বিজিবি প্রধান বলেন, “সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত আছে। এ জন্য আলোচনা অব্যাহত আছে, প্রতিপক্ষকে সার্বক্ষণিক চাপ প্রয়োগ করা হচ্ছে।
চোরাচালান বন্ধে আমাদের সীমান্তবর্তী এলাকার জনগণদেরও সচেতন হ্ওয়ার আহ্বান জানান সাফিনুল।
এছাড়া বিজিবিতে আগামিতে নারী সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হবেও বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিজিবি রংপুর রিজিয়ন সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মো. মাসুদ, রাজশাহী ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
খায়রুজ্জামান বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কাজের অংশ হিসেবে রাজশাহীতে প্রান্তিক জেলেদের মাঝে নৌকা উপহার দিয়েছে বিজিবি।মুজিববর্ষে বঙ্গবন্ধুকে স্মরণে এটি অনন্য একটি উদ্যোগ।”
