২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে ছবি তুলে প্রতারণা, গ্রেপ্তার ৮

নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে নিয়ে বিবস্ত্র করে ছবি তুলে প্রতারণার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2020, 09:10 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

জেলার পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া জানান, শনিবার বিকাল  থেকে রাত ৮টা পর্যন্ত জেলা শহরের অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পাঁচজন হলেন- নওগাঁর আত্রাই উপজেলার মধু গুড়নই গ্রামের ইউসুফ শেখের ছেলে বাহাদুর শেখ (৩৮),চকবাড়িয়া বাউস্থাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪৫), কাশিয়াপাড়া গ্রামের আজিজুল হাকিমের ছেলে আল আমিন (৩০),সদর উপজেলার বাচাড়ীগ্রাম সোনার পাড়ার ইসমাইল হোসেনের ছেলে এনামুল হক(৩৮) ও মান্দা উপজেলার জামদই গ্রামের আজির মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম (২২)।

গ্রেপ্তারকৃত অন্য তিনজন নারী। তাদের বয়স ২৩ থেকে ৩৮ বছর।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে বিবস্ত্র করে ছবি তুলে রাখেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। গত ১২ ডিসেম্বর তারা নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে নাসির উদ্দিনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ আসে।

পরে অভিযান চালিয়ে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার টিটু মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার।

তিনি বলেন, এছাড়া তাহসিন ইসলাম খান নামে এক ব্যক্তির অভিযোগ অনুযায়ী তার চুরি হওয়া একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চোর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে নওগাঁর মান্দা উপজেলার জামদই গ্রামের আজির মণ্ডলের ছেলে শরিফুল ইসলামকে (২২)।