২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীর মৃত্যু, শ্রীপুর পৌরনির্বাচনে মেয়র পদে ভোট স্থগিত

একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় গাজীপুরের শ্রীপুর পৌরনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 12:19 AM

Updated : 18 Aug 2022, 04:12 PM

বিএনপির মেয়র প্রার্থী মো. শহিদুল্লাহ শহিদ (৪৯) বুধবার বেলা সোয়া ১১টার দিকে মারা যান।

জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বুধবার বিকালে মেয়র পদে ভোটগ্রহণ স্থগিত করে বিজ্ঞপ্তি দেন।

তিনি বলেন, “মেয়র পার্থী বিএনপির মো. শহিদুল্লাহ শহিদ মারা যাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী মেয়রপদের নির্বাচন বাতিল করা হয়েছে।”

আইন অনুযায়ী নির্ধারিত সময়ে অন্যান্য পদে ভোট হওয়ার কথা। আগামী ২৮ ডিসেম্বর শ্রীপুর পৌরসভা নির্বাচনে ভোট হওয়ার কথা রয়েছে।

গাজীপুর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল ইসলাম বাবুল বলেন, শহিদুল্লাহ বেশ কিছুদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। পরে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।”

মো. শহীদুল্লাহ শহিদ ছাড়াও মেয়র পদের অন্য দুই প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগের মো. আনিছুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফরহাদ আহমেদ রফিক মমতাজী।