২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার কালিয়াকৈরে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ডোবা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 05:49 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

রোববার সকালে উপজেলার বারবাড়িয়ায় সড়কের পাশের একটি ডোবায় ওই আনুমানিক ২৫ বছর বয়সী এই নারীর লাশ পাওয়া যায়।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, উপজেলার বারবাড়িয়া এলাকায় বোর্ডঘর-চান্দাবহ আঞ্চলিক সড়কের পাশের এটি ডোবায় সকালে একটি বস্তায় লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

“ওই নারীর হাত-পা বাঁধা ছিল; ডান পায়ের গোড়ালি কাটা ছিল; নাকে রক্ত ও গলায় ওড়না প্যাঁচানো ছিল। তার পরনে ছিল কালো বোরকা।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই মেয়েকে অন্য কোথাও হত্যা করে আগের রাতে কোনো এক সময়ে ওই ডোবায় ফেলে গেছে, বলেন ওসি।

হত্যার আগে ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন কিনা সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে জানিয়ে

ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, তিনি নিজে, পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের কাজ শুরু করেছে।