২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত

গাজীপুরের কালীগঞ্জে ইজিবাইক ও মোটর সাইকেলের সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও  একজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2020, 04:04 PM

Updated : 08 Apr 2022, 01:39 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা-কালীগঞ্জ সড়কের তিরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান।

নিহত সিয়াম মিয়া (২০) কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর (টেকপাড়া) গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

আহত সাব্বির নরসিংদীর পলাশ উপজেলার  ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া  গ্রামের আব্দুল বাছেদের ছেলে। তিনি মুনশুরপুর (টেকপাড়া) জামে মসজিদের মোয়াজ্জিন। 

ওসি বলেন, কালীগঞ্জ থেকে মোটর সাইকেলে করে সাব্বিরকে নিয়ে নাগরী যাচ্ছিলেন সিয়াম। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিয়াম ও সাব্বির আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত্যু ঘোষাণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেন বলেন, হাসপাতালে আনার আগেই সিয়ামের মৃত্যু হয়েছে। আর সাব্বিরের চিকিৎসা চলছে।

এদিকে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।