২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে এক রাতে ‘১০ বাড়িতে’ ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে চারটি এলাকার ১০টি বাড়িতে ডাকাতরা হানা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2020, 03:48 PM

Updated : 25 Jul 2022, 07:07 PM

মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় ৫টি বাড়ি, সদর পৌর সভার নাগড়া পাড়ায় ৩টি বাড়িতে হানা, উপজেলা সদরের স্টিল ব্রিজ সংলগ্ন বাড়িতে এবং বাঘানগর গ্রামে এসব ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় ডাকাতদের কোপে চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

এ ডাকাতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় একজন অভিযোগ করেছেন।

“অন্য ডাকাতির ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।”

ডাকাতি বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে ওসি বলেন, শীত আসলে খাল-বিলসহ সব কিছু শুকিয়ে যাওয়ায় ডাকাতি করে পালিয়ে যাওয়া সহজ হয়। এ কারণে শীতে ডাকাতি বেড়ে যায়।

ডাকাতিরোধে পুলিশের তৎপরতা বৃদ্ধিসহ জনসচেতনতায় কাজ করছেন বলেও জানান তিনি। 

স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণপাড়ায় হারুণ মিয়ার বাড়িতে মঙ্গলবার রাত ১টার দিকে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ঢোকে। বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতরা।

হারুন মিয়া বলেন, তার বাড়ি ছাড়াও ডাকাতদল মোজাম্মেল হোসেনের বাড়িতে হানা দিয়ে ১০ হাজার টাকা, মাশকুর মোল্লার বাড়ি থেকে ৫৫ হাজার টাকা ও ২টি স্মার্টফোন, ফায়জুল্লাহর বাড়ি থেকে ৬২ হাজার টাকা ও ৮/১০ ভরি স্বর্ণ, আব্দুল হাই মোল্লার বাড়ি থেকে এক ভরি স্বর্ণ ও ৮ হাজার টাকা লুট করে।

আব্দুল হাই মোল্লার বাড়িতে শুক্রবার বিয়ের অনুষ্ঠান ছিল। ডাকাতদের মূল টার্গেট ছিল বিয়ে বাড়ির স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করা বলেন তিনি।

এদিকে, বাঘানগরের নজরুল ইসলামের বাড়ি, সদর স্টিল ব্রীজ সংলগ্ন টিপু মিয়ার বাড়ি, নাগড়াপাড়া মোস্তাকিম, তানভির, মুক্তাদির ও রফিকুলের বাড়িতে ডাকাতদল হানা দেয় বলে খবর পাওয়া গেছে।

এ সময় কিছু না নিতে পারলেও ডাকাতদল চার জনকে কুপিয়ে আহত করে বলেন স্থানীয়রা।

এ ঘটনায় আহত তানভীর হোসেন জানান, ডাকাতরা পাশাপাশি তিন বাড়িতে ডাকাতি শুরু করলে চিৎকার দেন তারা। এতে আশপাশের লোকজন বেরিয়ে এলে তাদেরকে কুপিয়ে চলে যায় ডাকাতরা।

তবে ডাকাতরা তাদের তিন বাড়ি থেকে কিছু নিতে পারেনি বলেন তিনি।