গাজীপুরে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নির্দেশনায় ভ্রুক্ষেপ নেই
করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারি-বেসরকারি অফিসে বাধ্যতামূলক মাস্ক পরার সরকারি আদেশে তেমন ভ্রুক্ষেপ দেখা যায়নি গাজীপুরের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করে ঘোষণা দিয়েছে, ‘নো মাস্ক নো সার্ভিস’।
সরকারি অফিস হোক বা বেসরকারি অফিস হোক মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না, সেবা পাওয়া তো পরের কথা।
কিন্তু গাজীপুরে জেলা পুলিশ, মহানগর পুলিশ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ অনেক স্থানেই সরকারের এই নির্দেশনা মানা হচ্ছে না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাগলিঙ্গম গাছের নিচে কয়েকজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য ভ্রাম্যমাণ আদালতে যাওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের অপেক্ষায় ছিলেন। তাদের কারো মুখেই মাস্ক ছিল না। দুয়েকজনের কাছে মাস্ক থাকলেও তা নাকে কিংবা মুখে ছিল না।
তাদের একজন পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, “বেশিক্ষণ মাস্ক ব্যবহার করলে অস্বস্তি লাগে, যেন দম বন্ধ হয়ে যায়।”
আরেকজন বলেন, তার নাক ও মুখমণ্ডলের ঢাকা অংশ ঘেমে যায়। এতে বিরক্ত লাগে। তাই মাঝে মধ্যে মাস্ক খুলে ফেলেন।
সেখানে জেলা আদালতের কালিয়াকৈর জিআর শাখার পুলিশ কনস্টেবল মোমিন মিয়া ও শিলাসহ কয়েকজন মাস্কবিহীন সহকর্মী বলেন, নিজেদের সুরক্ষার জন্য মাস্ক পরা দরকার; কিন্তু কাজটি খুবই কষ্টকর।
“সারাক্ষণ মাস্ক ব্যবহার করলে শ্বাসকষ্ট হয়, অক্সিজেনের অভাব দেখা দেয়। ফলে মাঝেমধ্যে মাস্ক মুখ থেকে খুলেই কাজ-কর্ম করি,” বলেন কনস্টেবল মোমিন মিয়া।
গাজীপুর মহানগরের বাসন থানার চিত্রও একই রকম। এই থানার ওসি রফিকুল ইসলামকেই তার কার্যালয়ে মাস্ক ছাড়া কাজ করতে দেখা গেছে।
মাস্ক নিয়ে তিনিও প্রায় একই কথা বলেছেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় দেখা গেছে কর্মকর্তা ইসমাইল হোসেন, দুই অফিস সহকারী কারো মুখেই মাস্ক নেই।
এই ব্যাপারে প্রশ্ন করা হলে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার কর্মকর্তা ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অসতর্কতাবশতঃ অনেক সময় মাস্ক পরা হয় না। তবে অফিসে একা থাকলে মাস্ক পরার দরকার নেই বলে তিনি মনে করেন।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের মুখে মাস্ক দুইটি কারণে থাকতে হবে। প্রথম কারণ হলো মাস্ক ব্যবহারের বিষয়টি সরকারি নির্দেশ; এটা আমাদের মানতেই হবে। দ্বিতীয়টি হলো নিজেদের নিরাপত্তার জন্য তা আমাদের ব্যবহার করতে হবে।”
এরপর থেকেই তিনি তার সহকর্মীদের মাস্ক ব্যবহার করার বিষয়টি শতভাগ নিশ্চিত করবেন বলে জানান।
গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। গাড়িতে যাত্রীদের এবং হাট-বাজার-শপিং মলে মাস্কবিহীন ক্রেতা-বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে, সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
কিন্তু তার কার্যালয় বা চত্বরে থাকা অনেক কর্মকর্তা-কর্মচারীর মাস্ক ব্যবহার না করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা প্রশাসক বলেন, বিষয়টি তার নলেজে নেই। তারপরও এই ব্যাপারে তার কর্মকর্তা কর্মচারীদের সচেতনতা আরও বৃদ্ধি করতে তাদের সঙ্গে বৈঠক করা হবে। সেবাদাতা ও গ্রহীতা সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে।
গাজীপুরের সিভিল সার্জন খায়রুল ইসলাম বলেন, “করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকার কঠোরভাবে নির্দেশ দিয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক পরার কোনো বিকল্প নেই।”
স্বাস্থ্য বিভাগের অনেকেরই মাস্ক ব্যবহার না করার কথা স্বীকার করে সিভিল সার্জন বলেন, সরকারি হাসপাতাল ছাড়াও বিশেষ করে বেসরকারি ক্লিনিকগুলোতে অনেক রোগী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মাস্ক ব্যবহার না করার প্রবণতা দেখা গেছে।
“‘নো মাস্ক নো সার্ভিস’ নির্দেশটি অতিসম্প্রতিকালের হওয়ায় অনেকের কাছে তা পৌঁছেনি বলে মনে হয়। আমরা প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে ওই ম্যাসেজ সম্বলিত ব্যানার পৌঁছে দিচ্ছি।”
সোমবার তাজউদ্দীন আহমদ হাসপাতালে দেখা যায়, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা মাস্ক পরলেও রোগী ও স্বজনরা প্রায় উদাসীন। হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে রোগীর স্বজনদের মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। কেউ থুঁতনির নিচে, কেউ হাতে, কেউ পকেটে মাস্ক নিয়ে ঘুরছেন।
এছাড়া মার্কেট ও গণপরিবহনেও অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি।
গাজীপুরের আদালত ভবন এলাকা, গাজীপুর সিটি করপোরেশন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, রেল স্টেশন, বিভিন্ন মার্কেট, গণপরিবহনসহ বিভিন্ন স্থানে অনেককেই মাস্ক পরছেন না।
