২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2020, 12:15 AM

Updated : 18 Aug 2022, 04:06 PM

উপজেলার তারাবো পৌরসভার মোগড়াকুল এলাকার হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রাশেদ ও আব্দুর রহিমের বিরুদ্ধে মঙ্গলবার সকালে রূপগঞ্জ থানায় মামলাটি হয়েছে বলে ওসি মাহমুদুল হাসান জানান।

১১ বছর বয়সী এই শিক্ষার্থী উপজেলার উত্তর কায়েতপাড়া এলাকার কামাল মিয়ার ছেলে।

কামাল মিয়ার অভিযোগ, শিক্ষকদের নির্দেশ অনুযায়ী মাদ্রাসার উন্নয়নে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে মাইকিং করে ছাত্ররা পথচারীদের কাছ থেকে টাকা উঠিয়ে আসছে।

“মঙ্গলবার সকালে টাকা উঠাতে যেতে কিছুটা বিলম্ব হয়। এ কারণে আমার ছেলেকে শিক্ষক রাশেদের কক্ষে ডেকে নিয়ে রাশেদ ও রহিম দুইজন মিলে হাত-পা বেঁধে মুখে কাপড় দিয়ে বেধড়ক মারধর করেন। পরে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।”

ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মাহমুদুল হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান বলেন, “এটা অমানবিক কাজ। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”